বাগেরহাট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলার দুইটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার চিতলমারী সদরে ৮৫০ জন এবং চর বানিয়ারী ইউনিয়নে ৪৭০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।
বিকালে ভিজিএফ কার্ডধারীদের অভিযোগ পেয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল হাসান চিতলমারী বাজারে কয়েকজন চাল মেপে দেখেন।
এলাকাবাসী জানান, চিতলমারী সদর ও চর বানিয়ারী ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীর মাঝে সকাল থেকে কার্ডপ্রতি ত্রিশ কেজি হিসেবে চাল বিতরণ করা হয়।
ওজনে চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ইউএনও সোহেল হাসান কয়েকজনের চাল মেপে ওজনে কম পান।
এরপর তিনি ওই দুই ইউনিয়নে গিয়ে চাল বিতরণে উপস্থিত থাকেন।
চাল বিতরণের সময় সদর ইউনিয়নের নির্ধারিত ট্যাগ অফিসার খলিল আল রশিদ এবং চর বানিয়ারী ইউনিয়নের নির্ধারিত ট্যাগ অফিসার বিকাশ কুমার সাহা উপস্থিত ছিলেন না।
ইউএনওকে না জানিয়ে তারা উভয়স্থানে তাদের প্রতিনিধি পাঠান।
ইউএনও জানান, বিধি অনুযায়ী তাকে না জানিয়ে এবং ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া ভিজিএফ কার্ডধারীদের গড়ে দুই থেকে চার কেজি করে চাল ওজনে কম দেওয়া হয়।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বাগেরহাট জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।
তিনি বলেন, চাল বিতরণকালে ট্যাগ অফিসাররা নিজে ঘটনাস্থলে থাকতে না পারা বা তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি তাকে জানাননি।
চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিতলমারী উপজেলা কৃষক লীগ সভাপতি দাউদুল ইসলাম লিন্টু খান চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউএনওকে চিঠি দিয়ে অবহিত করে বুধবার চাল বিতরণ শুরু করা হয়। চাল নিয়ে চলে যাবার পর কার্ডধারীরা পথে কী করেছে তা কেউ জানে না।
চর বানিয়ারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাশীনাথ বিশ্বাসও তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.
bdnews24