২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেরিতে ছাড়ছে আন্তঃনগর ট্রেন, দুর্ভোগ চরমে

রাজধানী ঢাকা থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ায় ঈদে ঘরেফেরা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকা থেকে বিভিন্ন রুটের ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে ছাড়ায় ঈদে ঘরেফেরা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বুধবার কমলাপুর রেল স্টেশনে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের শতশত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। এদিন রাজশাহীগামী 'সিল্কসিটি' কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার কথা ছিল দুপুর দুইটা ৪০ মিনিটে। কিন্তু প্রায় পাঁচ ঘন্টা দেরিতে রাত আটটায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয় বলে ওই ট্রেনের যাত্রী নীলিমা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। কমলাপুর স্টেশনে কর্মরত কর্মচারী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিল্কসিটিসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন কমলাপুর থেকে দেরিতে ছাড়ে। এরমধ্যে তিস্তা দেড় ঘন্টা দেরিতে সকাল নয়টায় ছেড়ে যায়। যমুনা ছেড়েছে প্রায় এক ঘন্টা দেরিতে বিকেল সাড়ে পাঁচটায়। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় সাড়ে চার ঘন্টা দেরিতে সকাল সাড়ে ১০টায়। একতা এক্সপ্রেস প্রায় দেড় ঘন্টা দেরিতে সকাল ১১ টা ২০ মিনিটে ছেড়ে যায়। অগ্নিবীণা এক্সপ্রেস পৌনে এক ঘন্টা পর সোয়া ১০টায় ছেড়ে যায় তারাকান্দির উদ্দেশে। দেরিতে ট্রেন ছাড়ার বিষয়ে কথা বলার জন্য সন্ধ্যায় রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা ফজলুল হক এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। সন্ধ্যার আগে ও পরে রাতে কমলাপুর স্টেশন মাস্টার এবং রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেআরসি/এএনএস/এইচএ/২১৪৭ঘ.