ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত দামের চেয়ে বেশিতে পণ্য বিক্রি করায় বুধবার নয় দোকানিকে জরিমানা করেছে বাজার তদারকি দল।
বাণিজ্য মন্ত্রণালয়ের দু'টি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিসহ তিনটি দল কারওয়ান বাজারে অভিযান চালিয়ে মোট এক লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করে।
বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আবুবকর সিদ্দিক মোল্লা, সহিদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব আব্দুল বাতেন মিঞা অভিযানে আলাদা তিনটি দলের নেতৃত্ব দেন ।
বিএসটিআই ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং র্যাব ও পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল ও স্থিতিশীল রাখতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে কিছু পণ্যের সর্বোচ্চ খুচরা দাম বেঁধে দেয়। এর মধ্যে প্রতিকেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা, পাম সুপার ৭৬ টাকা ও পাম তেল ৭৩ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/পিডি/২০৪৫ ঘ.
bdnews24