২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা শহররক্ষা বাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

জোয়ারের পানির চাপে ভোলা শহররক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে সদর উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ভোলা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোয়ারের পানির চাপে ভোলা শহররক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে সদর উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিকল্প রিং বেড়িবাঁধের তুলাতলী অংশের পাঁচটি পয়েন্টে ভেঙে যায় বলে জানায় এলাকাবাসী। ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী, ধনিয়া, নাসিরমাঝি গ্রাম তলিয়ে যায়। তিনি জানান, বাঁধ ভেঙে যাওয়ার একঘণ্টার মধ্যে ৭৫টি বসতঘর, তিনটি মসজিদ ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চলছে। পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী বলেন, নরম মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণের ফলে এটি ভেঙে গেছে। জোয়ার কমলেই এর সংস্কার কাজ শরু করা হবে। ধনিয়া মধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমএ জলিল অভিযোগ করেন, তুলাতলী তথা মূল শহর রক্ষার জন্য রিং বেড়িবাঁধটি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি। তাই সামান্য পানির চাপেই তা ভেঙে গেছে। বাঁধ ভাঙার খবর পেয়ে জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। জেলা প্রশাসক বলেন, শহরের বিকল্প বাঁধ ভেঙে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাঁধ মেরামতের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৩৭ ঘ.