২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সমস্যায় বাস ছাড়তে দেরি, বাড়ছে ভোগান্তি

গ্যাস পেতে দেরি হওয়ায় ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে ঢাকা থেকে সময়মতো ছেড়ে যেতে পারছে না দূরপাল্লার বাসগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্যাস পেতে দেরি হওয়ায় ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিয়ে ঢাকা থেকে সময়মতো ছেড়ে যেতে পারছে না দূরপাল্লার বাসগুলো। সেইসঙ্গে যানজটের কারণে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ঘন্টা দেরিতে বাস ছাড়তে হচ্ছে। মঙ্গলবার দুপুরে গাবতলী বাস টার্মিনালের পরিবহন ব্যবসায়ীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হককে তাদের এসব সমস্যার কথা জানান। ঈদে ঘরমুখী মানুষের অবস্থা দেখতে দুপুর একটার দিকে পুলিশ কমিশনার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান। তিনি সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান করে পরিবহন মালিক এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরিবহন মালিক ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মো. হানিফ পুলিশ কমিশনারকে জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকছে। ফলে বর্তমানে যে গাড়িটি বাইরে থেকে ঢাকায় বেলা তিনটার দিকে ঢুকে, ওই গাড়িটি কোনোভাবেই রাত ৯টার আগে আবার যাত্রা শুরু করতে পারছে না। মো. হানিফ আরো জানান, রাত ৯টায় গ্যাস নিতে গেলে ১০টা থেকে ১১ টাও বেজে যাচ্ছে। গাড়ির বিশ্রাম বাদ দিলেও গড়ে তিন থেকে চার ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। পরিবহন মালিকদেরও পড়তে হচ্ছে বিপাকে। শহরের বিভিন্ন স্থানের বাস কাউন্টার থেকে ছোট বাসে করে যাত্রীদের গাবতলীতে আনতে গেলে যানজটে আটকে থাকতে হয়। এতেও এক থেকে দেড় ঘন্টা সময় নষ্ট হয় বলে জানান তিনি। গ্যাস পাওয়ার ক্ষেত্রে বিলম্বের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা এবং ঢাকার যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কমিশনার। বাস টার্মিনাল পরিদর্শন শেষে শহীদুল হক সাংবাদিকদের জানান, টার্মিনালে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ কাজ করছে। টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে বেশি দামে টিকিট কেনা বা অন্য কোনো হয়রানির অভিযোগ পাননি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এসএএ/এইচএ/১৭৪৪ ঘ.