সাভার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি সোয়েটার তৈরির কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার এলআরবি স্পোর্টসওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঈদ বোনাস ও ওভারটাইমের দাবিতে এ বিক্ষোভ করে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মাসের ওভারটাইমের টাকা ও ঈদ বোনাস না দিতে পেরে কারখানা কর্তৃপক্ষ ভোরে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
সকাল ৯টার দিকে কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক এসে তালা ঝুলানো দেখে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর স্ট্যান্ডে অবরোধের চেষ্টা করে তবে পুলিশি বাধার মুখে ব্যর্থ হয়।
পরে দুপুর ২টার দিকে কারখানার চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপলু এসে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
রফিকুল ইসলাম শিপলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যবসা করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন শ্রমিকদের দেওয়ার মত আমার কাছে কোনো টাকা নেই। তবে বিজিএমইএ থেকে লোন নিয়ে শ্রমিকদের টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে।"
কারখানার শ্রমিক রোকসানা আক্তার, জনি মাহমুদ, শরিফ আহম্মেদ, শিউলি আক্তার, নাসিমা আক্তার, আলমগীর হোসেনসহ অনেকেই জানান, পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত আমরা কারখানায় অবস্থান নিয়ে থাকবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৩ ঘ.
bdnews24