২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য হুমকি দেওয়ায় যুবক গ্রেপ্তার

যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক। গত ২৫ অগাস্ট rabeyafishlimited@gmail.com ঠিকানা হতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা pro@moi.gov.bd-তে এই হুমকি দেওয়া হয়। এ বার্তায় লেখা হয়, "আমাদের জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে এবং আপনাদের উপর ও পুলিশের উপর হামলা চালানো হবে।" এসময় রমনা থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব আলমের তত্ত্বাবধানে সহকারী কমিশনারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। ৬ সেপ্টেম্বর (সোমবার) নীলফামারি জেলার সৈয়দপুর থানার নতুনবাবু পাড়ার সাদ্দামমোড় এলাকার একটি বাসা থেকে মারুফ রায়হান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যবহৃত কম্পিউটার সরঞ্জামসহ জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হুমকির চিঠি পাঠানোর ঘটনার সত্যতা স্বীকার করে সে। মারুফ জানায়, সে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তার বাসার দোতলায় সে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে। মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ই-মেইলটি আমি নিজেই পাঠিয়েছি। রাবেয়া ফিস লিমিটেডের মালিক মনিরের সঙ্গে আমার ব্যক্তিগত শত্র"তা থাকার কারণে তাকে হয়রানি করার উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের নামে একটি নতুন ই-মেইল আইডি তৈরি করে আমি এ মেইলগুলো পাঠিয়েছি।" ডিএমপি কমিশনার বলেন, "এ বিষয়ে আমরা আরো তদন্ত চালিয়ে যাচ্ছি। যুদ্ধাপরাধীদের সঙ্গে এ ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আছে কি না এবং অন্য কোনো অপরাধের সঙ্গে সে জড়িত কিনা তদন্তের মাধ্যমে তা জানা যাবে।" তিনি আরো বলেন, "এ হুমকির কারণে আমরা ঈদের সময় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বিচারকদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।" তিনি জানান, গ্রেপ্তারকৃত মারুফ রায়হানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কিউএইচ/কেএমএস/১৩৩৮ ঘ.