২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাশেমের বিরুদ্ধে গাজীপুরে আরো ২ মামলা

জমি দখল ও অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে সোমবার পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমসহ তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে আরো দুইটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল ও অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে সোমবার পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এম এ হাশেমসহ তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে আরো দুইটি মামলা হয়েছে। একটি মামলা হয়েছে গাজীপুরের কাপাসিয়া থানায় এবং আরেকটি হয়েছে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে। এ নিয়ে গত তিনদিনে গাজীপুরে তার বিরুদ্ধে তিনটি মামলা হল। কাপাসিয়া থানার মামলাটি করেন উপজেলার তরগাঁও ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার (১ সেপ্টেম্বর) পারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ হাশেম স্থানীয় সহযোগীদের নিয়ে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া মৌজার আর এস ১৬২ নম্বর দাগের ৫ দশমিক ২৮ একর জমির মধ্যে আংশিক বন্দোবস্তকৃত ও শ্মশান ঘাট হিসেবে ব্যবহৃত খাস জমি থেকে পাঁচ লাখ টাকার গজারি গাছ কেটে নিয়ে যান এবং ওই জমিতে ইট রেখে দখলের চেষ্টা করেন। এ ছাড়া তারা পাশের কৃষি সেচের পাকা ড্রেনও ভেঙে ফেলেন। মামলার আসামিরা হলেন- এমএ হাশেম, হিরন সিকদার, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, মহিবুর রহমান, বকুল, রাজু, কামাল, মোতাহার ও সেলিম। এছাড়া অজ্ঞাত আরো ১০০-১২০ জনকে আসামি করা হয় এ মামলায়। কাপাসিয়া ওসি জামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথ মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন। এছাড়া গাজীপুরের অতিরিক্ত বিচার বিভগীয় হাকিম আদালতে অপর মামলাটি করেন কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের আরশাদ উদ্দিন। এ মামলায় (সিআর মামলা নম্বর ৩১০/১০) হাসেমসহ ১৩ জনকে আসামি করা হয়। নথি থেকে জানা যায়, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া ও সাহাবিদ্যার কোর্ট মৌজার সরকারি ও ব্যক্তি মালিকানার জমির মধ্যে ১২৩ একরের বেশি সম্পত্তি এমএ হাশেম ভুয়া দলিল তৈরি করে গত বৃহস্পতিবার জবরদখল করেন। এ সময় তারা বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যান, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ১০ হাজার টাকা। গত শনিবার (৪ সেপ্টেম্বর) জমি দখলের চেষ্টার অভিযোগে জয়দেবপুর থানায় হাশেমের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের হয়। ওই মামলার বাদী গাজীপুর সদরের বাহাদুরপুর গ্রামের ইপিলিয়ন জিন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল মঈন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩১ ঘ.