ঠাকুরগাঁও, সেপ্টম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কয়েকটি বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।
সোমবার উপজেলার দক্ষিণ রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় চারজন আহত হয়েছেন। এরা হলেন- জুলেখা (৪৫), রুপালী (১৬), পিয়ারুল (২৫) ও আলী আজগর (৪৭)।
জুলেখা ও রুপালীকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দ'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ সময় এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশে দিয়েছে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ রাজবাড়ি গ্রামের ইউনুস আলীর সঙ্গে তার ভাইপে আব্দুল্লার জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। পাঁচ মাস আগে ইউনুস ও তার কয়েকজন আত্মীয় ওই জমিতে আটটি ঘর তুলে বসবাস করছিলেন।
ভোর সাড়ে ৪টার সময় আব্দুল্লাহ ও তার পক্ষের ১৫ থেকে ২০ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ইউনুস, মুসা, খলিল, সামসুল ও মজিবরের বাড়িতে হামলা চালায়।
তারা পাঁচটি ঘরে আগুন দেয়। তিনটি ঘর ভাংচুর করে। লুট করে ঘরের বিভিন্ন মালামাল ও গবাদি পশু।
ঘটনার পরপরই এলাকাবাসী এসে রুহুল (২৫), জিয়াউর রহমান (২৭), মাসুদ (২২) ও রানাকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রাণীশংকৈল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24