ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানথ্রাক্স সংক্রমিত দুই রোগীকে দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, "অ্যানথ্রাক্স নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি কোনো মরণ ব্যাধি নয়। এর চিকিৎসা সহজ ও প্রয়োজনী ওষুধ সর্বত্রই পাওয়া যায়।"
এ সময় মন্ত্রী রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি সংক্রমিতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন।
অ্যানথ্রাক্স সংক্রমিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. আবু হানিফ (৪৫) ও তার ছেলে আমির হামজা (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রুহুল হক বলেন, "অ্যানথ্রাক্স মানুষ থেকে মানুষে ছড়ায় না। এর লক্ষণ দেখা যাওয়ার পর দ্রুত চিকিৎসা নিলে সাধারণত ১০দিনের মধ্যে রোগী আরোগ্যলাভ করে।"
তিনি জনসাধারণের প্রতি আহবান জানিয়ে বলেন, "ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় কেউ যেন অসুস্থ পশু জবাই না করে। মৃত প্রাণিকে যেন অবশ্যই মাটির ছয় ফুট গর্তে পুঁতে ফেলা হয়। রোগ চিহ্নিত না হলেও মৃত প্রাণির ক্ষেত্রেও যেন একই রকম সর্তকতা মেনে চলা হয়।"
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মো. শহীদুল হক মল্লিক, হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক সামন্ত লাল সেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫৭ ঘ.
bdnews24