ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা বহুমুখি সেতুর জন্য প্রতিশ্র"ত সহায়তার অর্থ আগামী নভেম্বরে ছাড় দেয়া শুরু করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবি'র সফররত ভাইস প্রেসিডেন্ট শিয়াউ ঝাউ রোববার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
পদ্মা বহুমুখি সেতুর নির্মাণে ৬১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে এডিবি। এ সেতুর নক্সা তৈরির সময় কারিগরী সহায়তা ঋণও দিয়েছে বহুজাতিক এ সংস্থাটি।
এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃগ্রিড সংযোগ স্থাপনে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে এডিবি।
বৈঠক শেষে এডিবি'র কান্ট্রি ডিরেক্টর থিভকুমার কান্দিয়াহ সাংবাদিকদের বলেন, "সরকার যত দ্রুত চুক্তি সম্পাদন করবে তত দ্রুতই আমরা অর্থ ছাড় দেব।"
এই অর্থ সহায়তা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় গ্রিডের সংযোগ স্থাপনে একটি ৪০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় করা হবে।
এর মাধ্যমে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে ভবিষ্যতে আরো বেশি বিদ্যুৎ সরবরাহের আশা ব্যক্ত করা হয়।
আগামী ২০১২ সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে। এর পরিচালনায় থাকবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতাসহ রেলপথ ও পদ্মা সেতুর ক্ষেত্রে আরো অতিরিক্ত সহায়তার বিষয়েও আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/পিডি/২১৩২ ঘ.
bdnews24