বাগেরহাট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরুর সঙ্গে ধাক্কা লেগে বাগেরহাটের রামপালে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গরুটিও মারা গেছে।
রোববার সকালে উপজেলার গিলাতলা সড়কের বাঁশতলী স্যাঁদলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া গ্রামের মুদী দোকানী জাহাঙ্গীর শেখ (৩৫) এবং গাববুনিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রুহুল মোল্লা (৩০)।
রামপাল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি বাগেরহাটে আসার পথে একটি গরুর সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয়রা উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুরে তারা মারা যান।
দুর্ঘটনার শিকার গরুটি মারা যায় ঘটনাস্থলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24