২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে তামাক চাষে অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল

বান্দরবান তামাক চাষের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে বান্দরবানের একটি আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অক্টোবর ধার্য করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

বান্দরবান, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান তামাক চাষের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে বান্দরবানের একটি আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অক্টোবর ধার্য করা হয়। রোববার সকালে জেলা যুগ্ম জজ মো. সামস উদ্দীন খালেদ এ আদেশ দেন। গত ১৮ অগাস্ট স্থানীয় সাংবাদিক আলাউদ্দিন ও জাফর ইকবাল বাদী হয়ে তামাক চাষ বন্ধের আদেশ চেয়ে এই আদালতে মামলাটি দায়ের করেন। গত বৃহস্পতিবার মামলার বাদী ও বিবাদী পক্ষের শুনানি হয়। মামলার নথি থেকে জানা যায়, আদালত তামাক চাষের সব কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, ঢাকা টোবাকো কোম্পানি ও আবুল খায়ের টোবাকো কোম্পানি এবং বান্দরবান জেলা প্রশাসক, জেলার সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাত থানার ওসি, বান্দরবানের তিন বিভাগীয় বন কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ ২২ জনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তারা গত ২৬ অগাস্ট জবাব দেন। মামলার বাদী জাফর ইশবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের এ আদেশের ফলে আগে জারি করা আদেশ অর্থাৎ বান্দরবানে তামাক কোম্পানিগুলো তাদের তামাক চাষ, তামাক প্রক্রিয়াজাতকরণ, গুদামজাতকরণসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৩৬ ঘ.