চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকালে নগরীর চান্দগাঁও থানায় প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদারসহ সিডিএ এর নয়জন প্রকৌশলী, তিনজন কর্মকর্তা এবং ১৩ জন তালিকাভুক্ত ঠিকাদারের বিরুদ্ধে আলাদা ১৩টি মামলা করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক এবং সহকারি পরিচালক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তা বাদি হয়ে এসব মামলা করেন।
অভিযুক্ত প্রকৌশলীরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন, নির্বাহী প্রকৌশলী মনজুর হাসান, নির্বাহী প্রকৌশলী এ এম হাবীবুর রহমান, সহকারি প্রকৌশলী নুরুল আমিন ভূইঁয়া, মোহাম্মদ ইসহাক, ইলিয়াস আক্তার, উপ-সহকারি প্রকৌশলী হামিদুল হক ও ওসমান শিকদার, এস্টিমেটর রুপণ কুমার চৌধুরী ও সৈয়দ গোলাম সরোয়ার এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের।
অভিযুক্ত ঠিকাদাররা হলেন জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, আবদুস সালাম, নুরুল আলম, মুনতাসীর মামুন, মোহাম্মদ আমান, একেএম জসিম উদ্দিন, সালেহ জহুর, নাসির উদ্দিন, মো. মাসুদ, কাজী বেলাল উদ্দিন, নুর মোহাম্মদ ও নিতাই পদ চৌধুরী।
তিনটি মামলার বাদি ও দুদকের সহকারি পরিচালক মো. রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চান্দগাঁও থানার বিএফআইডিসি থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়ক নির্মাণকাজে অর্থ আত্মসাতের অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
তিনি জানান, সড়ক নির্মাণে প্রাথমিকভাবে এক কোটি ২১ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। নির্মাণকাজের যে ব্যয় দেখানো হয়েছে তা প্রকৃত খরচের দ্বিগুণ।
সিডিএ'র প্রকৌশলি ও ঠিকাদাররা পরস্পর যোগসাজশে এই অর্থ আত্মসাত করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদক উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, সহকারি পরিচালক মো. রফিকুজ্জামান ও রফিকুল ইসলাম তিনটি করে এবং উপ-সহকারি পরিচালক সাইফুল্লাহ মো. এমরান ও খলিলুর রহমান শিকদার দুটি করে মামলার বাদি।
চান্দগাঁও থানার এই সড়কটি ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ অর্থবছরে তৈরি হয়। এতে সাত কোটি টাকার উপর ব্যয় হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/১৭৫০ ঘ.
bdnews24