মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায় রোববার সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন।
নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। এদের মধ্যে তিনজন এক পরিবারের সদস্য।
দুর্ঘটনার পর এলাকাবাসী মৌলভীবাজার-কুলাউড়া সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হোসেন (২৫), যাত্রী সুলতান মিয়া (৫০), তার ছেলে জুনেদ মিয়া (২৫) ও মেয়ে রাজনা বেগম (২৭)। নিহতদের সবার বাড়ি রাজনগর উপজেলায়।
কুলাউড়া থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মিশন এলাকায় বড়লেখা থেকে মৌলভীবাজারগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সে সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে প্রায় ১শ গজ দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ চারজন নিহত হন।
সিএনজি অটোরিক্সার যাত্রী অসুস্থ সুলতান মিয়াকে তার ছেলে জুনেদ ও মেয়ে রাজনা ডাক্তার দেখাতে মিশণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ওসি জানান, দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় নিহতদের লাশগুলো উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশগুলো মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় সিএনজি চালক সাজ্জাদ হোসেনের ভাই সুফিয়ান মিয়া বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭২০ ঘ.
bdnews24