২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৫৭ চালকলের লাইসেন্স বাতিল

জেলা সরকারি খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহের চুক্তি না করায় গাইবান্ধার পাঁচটি উপজেলার ৫৭টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 05:31 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা সরকারি খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহের চুক্তি না করায় গাইবান্ধার পাঁচটি উপজেলার ৫৭টি চালকলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চুক্তিবদ্ধ ৫৪৭টি চালকলের মধ্যে ১৯টি থেকে এখনো চাল সরবরাহ না করায় তাদের সতর্কীকরণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। লাইসেন্স বাতিল হওয়া চালকলের মধ্যে রয়েছে সদর উপজেলায় আটটি, গোবিন্দগঞ্জে ৪০টি, ফুলছড়িতে দুইটি, সাঘাটায় ছয়টি এবং পলাশবাড়ী উপজেলায় একটি চালকল। শনিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কমিটির সদস্য সচিব জামাল হোসেন বলেন, গত মঙ্গলবার জেলা অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ কমিটি এ সিদ্ধান্ত নেয়। এদিকে শনিবার ১৯ চালকল মালিককে সতর্কীকরণ নোটিশ পাঠানো শুরু হয়েছে। জামাল হোসেন আরো বলেন, নোটিশে জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে খাদ্য সরবরাহে ব্যর্থ হলে তাদের জামানত বাজেয়াপ্তসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছর জেলায় ৩০ হাজার ৭২৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শনিবার পর্যন্ত ২৭ হাজার ৫০০ মেট্রিক টন সংগ্রহ হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। জেলা চালকল মালিক সমিতির সভাপতি নাজির হোসেন প্রধান বলেন, চুক্তিভঙ্গের কারণে কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতে পারে। কিন্তু বর্তমান স্থানীয় বাজারে প্রতি কেজি চালের দাম ৩০ টাকা। সরকারের সংগ্রহের নির্ধারিত মূল্য ২৮ টাকা। বাজার দরের চেয়ে কম দর নির্ধারণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.