২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারওয়ান বাজারের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে'

কারওয়ান বাজারে বাজার তদারকি দলের কাজে বাধা দেয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 04:06 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজারে বাজার তদারকি দলের কাজে বাধা দেয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন সচিব। এদিন বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে সরকারের বাজার তদারকি দলের ওপর কিছু পাইকারি বিক্রেতা চড়াও হয় বলে এর আগে জানান দলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। তিনি বলেন, "পরিস্থিতি বুঝে আমরা দ্রুত নিরাপদে সরে পড়ি। পুলিশ ও র‌্যাবকে জানানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।" এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, "কারওয়ান বাজারের ঘটনা জেনেছি। রোববার এ ঘটনার প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" শনিবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি জানিয়ে গোলাম হোসেন বলেন, "সরকার বিশেষ পরিস্থিতিতে তদারকি কার্যক্রম চালাচ্ছে। যারা বাধা দিয়েছে কাজে তাদের বিরুদ্ধে রোববার ব্যবস্থা নেওয়া হবে।" বাণিজ্য সচিব বাজার তদারিক দলগুলোর তদারক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০০ ঘ.