ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে সরকারের বাজার তদারকি দলের ওপর শনিবার কিছু পাইকারি বিক্রেতা চড়াও হয়েছে বলে জানিয়েছেন দলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তদারকি দলে থাকা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে মহাখালী, বনানী ও কাওরান বাজারে যান বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দল। এসময় চিনির খুচরা দাম জানা যায় ৪৯ টাকা ৫০ পয়সা। তবে তা হওয়ার কথা পাইকারি বাজারে প্রতি কেজি ৩৫ টাকা এবং খুচরা বাজারে ৩৭ টাকা।
মহখালী ও বনানীর খুচরা বিক্রেতারা পাইকারি বাজার থেকে ৪৯.৫০ টাকায় চিনি কেনার কথা বললে বিষয়টি সরাসরি তদারিকতে যায় তার দল।
তিনি বলেন, "অভিযোগের প্রমাণ সাপেক্ষে কারওয়ান বাজারের দ্বিতীয় তলার সিদ্দিক স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও দোকানটিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।"
তবে জরিমানার টাকা দেয়ার কিছুক্ষণ পর বেলা সাড়ে ৩টার দিকে কিছু পাইকারি ব্যবসায়ী জড়ো হয়ে তদারকি দলের ওপর চড়াও হয় জানিয়ে রহিমা খাতুন বলেন, "পরিস্থিতি বুঝে আমরা দ্রুত নিরাপদে সরে পড়ি। পুলিশ ও র্যাবকে জানানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"
সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ না এনে বিষয়টি নিয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারওয়ান বাজারে বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে পুলিশ যায়।
প্রতিটি বাজার তদারকি দলে আট জন করে লোকবল দেওয়া হয় জানিয়ে রহিমা বলেন, "এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় আরো বেশি 'ফোর্স' দেওয়া উচিত।"
শনিবারের ঘটনা বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলেও জানান তিনি।
গত ডিসেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করলেও শনিবারই প্রথম বাজার তদারকি দলের সঙ্গে যান রহিমা।
এ বছর রমজানের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কয়েকটি বাজার তদারকি দল গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব এসব তদারকি দলের তদারক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫১ ঘ.
bdnews24