২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে শিশু রোগের প্রকোপ

আবহাওয়াজনিত কারণে ঠাকুরগাঁওয়ে শিশুরা ব্যাপকহারে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবহাওয়াজনিত কারণে ঠাকুরগাঁওয়ে শিশুরা ব্যাপকহারে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হচ্ছে। শুক্রবার বাবু (৫ মাস) এবং শনিবার পুতুল (১) নামের দুই শিশু মারা যায়। ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রায় একশ' শিশুসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে দুই শতাধিক শিশু। সদর হাসপাতালে পর্যাপ্ত শিশু বেডের অভাবে শিশু রোগীকে হাসপাতালের বারান্দা ও করিডোরে অবস্থান করতে হচ্ছে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রুহুল আমিন জানান, শুক্রবার এই হাসপাতালে একশ' শিশু ভর্তি হয়েছে। আবহাওয়াজনিত কারণে বেশিরভাগ শিশু শ্বাসকষ্টে ভুগছে। প্রচণ্ড গরমে শিশুরা কাহিল হয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। তিনি বলেন, সদর হাসপাতালে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সদর উপজেলার দেবীপুর-মোলানী গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে বাবু। এছাড়া ভেলাজান গ্রামের খগেন বর্মনের মেয়ে পুতুল মারা যায় শনিবার নিজ গ্রামে। শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ জানান, হাসপাতালে প্রায় একশ' শিশু ভর্তি হলেও চিকিৎসা দেওয়া হয়েছে দুই শতাধিক। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এখনো শিশু রোগী আসছে। পাশের পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকেও শিশুদের আনা হচ্ছে। তিনি বলেন, কিন্তু এই হাসপাতালে শিশু বেডের সংখ্যা মাত্র ২৫টি। তাই চিকিৎসা কাজ ব্যাহত হচ্ছে। রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়। সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, শনিবার সকালে সদর হাসপাতালে ৯৫ জন শিশু ভর্তি ছিল। সকাল ১০টার মধ্যে নতুন ২২টি শিশু আসে। শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে আরো অন্তত ৫০ জন। সিভিল সার্জন লোকমান আলী জানান, শিশু ওয়ার্ডকে স্থানীয় উদ্যোগে স্থানান্তরের চেষ্টা চলছে। হাসপাতাল চত্বরের পশ্চিমে ফাঁকা জায়গায় আপাতত টিন সেড দিয়ে ১০০ শয্যার শিশু ওয়ার্ড নির্মাণ করা হবে। এজন্য প্রায় চার লাখ টাকার ব্যবস্থাও করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.