চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের পটিয়া উপজেলায় শনিবার দুপুরে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে বাস ও অটোরিক্সার আরো ৮ যাত্রী।
নিহতরা হলেন- জাহেদা বেগম (৩৫) ও তার মেয়ে শাহনূর (৪)। তাদের বাড়ি পটিয়া উপজেলার ভেল্লা পাড়া গ্রামে।
আহতরা হলেন- খদিজা বেগম (৩৫), আনোয়ার হোসেন (২৫), হাসিনা বেগম (৭০), মো. ফারুক (৩০), মো. শফি (৩৫), মো. নাসির (৩০), প্রিয়াংকা দেবী (২০) ও অজ্ঞাত (৫)।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ায় ফাজিল খাঁর হাট নামক স্থানে চট্টগ্রাম থেকে পটিয়াগামী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
তিনি জানান, সংঘর্ষে অটোরিক্সাটি উল্টে পাশে খাদে পড়ে যায় ও রাস্তার পাশে গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাস ও সিএনজির ৮ যাত্রী আহত হন।
পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৬১৭ ঘ.
bdnews24