শামীম আহমেদ ও শফিকুল ইসলাম মিলটন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বাজারের শেষ মুহূর্তে রাজধানীর ফুটপাতের হকারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হকারদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারো ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানের ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
ফুটপাতের একাধিক হকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পুলিশ, হকারনেতা ও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় এ চাঁদাবাজি চলছে। এছাড়া এবার ফুটপাতের দোকানের জন্য রমজানের শুরুতেই অগ্রিম ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়েছে অনেককে।
শুক্রবার রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয় অন্তত ১৫ জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৩ জন হকারকে। এনিয়ে রাজধানীর হকারদের মধ্যে উত্তেজনা ছড়ায়।
গুলিস্তান এলাকার হকারদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পুলিশ তাদের ওপর হামলা চালায়।
তবে অভিযোগ নাকচ করে পল্টন থানার ওসি শহীদুল হক জানিয়েছেন, রাস্তা থেকে হকারদের উচ্ছেদ করতে যাওয়া ওই সংঘাত বাধে।
সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করে রওশন আলী নামে এক হকার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে। চাঁদা দিতে রাজি না হলেই নানা কারণ দেখিয়ে উচ্ছেদ করতে চায়। আজকেও সেটা করতে আসে। তাই আমরা বাধা দেই। তখন পুলিশ আমাদের পেটায়।"
নাজমুল হক নামে অপর এক হকার বলেন, "পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি চলছে।"
গুলিস্তানে অলি, আহাদ ও রেদোয়ান নামের কয়েকজন যুবলীগনেতা পরিচয় দিয়ে চাঁদা আদায় করেন বলে জানান কয়েকজন হকার।
এ ব্যাপারে পল্টন থানার ওসি বলেন, "গুলিস্তান এলাকায় চাঁদা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চাঁদার কারণে হলে তো সব হকারের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা নিতো।"
গুলিস্তান এলাকার একাধিক হকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনে তাদের প্রত্যেককে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা দিতে হয়। পুলিশ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের চাঁদা মিটিয়ে লাভের খাতায় থাকে শূন্য।
রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে, গাউসিয়া মোড় থেকে এলিফ্যান্ট রোড মোড় পর্যন্ত, এলিফ্যান্ট রোড বাটা সিগনাল থেকে সাইন্সল্যাব মোড় পর্যন্ত এবং সাইন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে হয়ে নিউমার্কেট পর্যন্ত ফুটপাতে ব্যবসা করছেন কয়েক হাজার হকার।
অনুসন্ধানে জানা গেছে, ঈদে নিউমার্কেট ও এলিফেন্ট রোড এলাকায় সবচেয়ে বেশি কেনাবেচা হয়। তাই এ এলাকায় চাঁদার হারও বেশি।
গাউসিয়া মাকের্ট এলাকার হকার রতন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্রি ভালই। তবে প্রতিদিন তিনশ' টাকা করে দুই চাঁদাবাজ চক্রকে দিতে হচ্ছে।"
ঢাকা কলেজের ছাত্রনেতা নামধারী বরকত, বুলু ও আসিফ এ চাঁদা আদায় করছে বলেও তিনি জানান।
নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকার একাধিক ব্যবসায়ী জানান, কোনো কারণে চাঁদার পরিমাণ একটু কম হলে মালামাল নিয়ে চলে যায় চাঁদাবাজরা। এছাড়া প্রায় ৫০ জন পুলিশ সোর্স পরিচয়ে এ এলাকায় চাঁদা সংগ্রহ করে।
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের সোর্স পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/এজে/১২৩০ ঘ.
bdnews24