গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, থামার নির্দেশ দিলে চন্দ্রা এলাকার লেবার সমিতির পাশে ট্রাকটি থামিয়ে চালক ও সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ ট্রাক থেকে ত্রিপল দিয়ে ঢাকা প্রায় চার হাজার ৪৮০ কেজি ভারতীয় তাজমহল জিরা, দুই হাজার ৮৪০ কেজি তাজমহল গোল্ড কোম্পানির টাইগার ব্র্যান্ডের জিরা ও বাবা কোম্পানির লতা ব্র্যান্ডের দুই হাজার ৬০০ কেজি জিরা উদ্ধার করে।
উদ্ধার করা জিরার মূল্য প্রায় ২৯ লাখ ৭৬ হাজার টাকা বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ ব্যাপারে রাতেই পুলিশ বিশেষ ক্ষমতা আইনে কালিয়াকৈর থানায় মামলা করেছ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.
bdnews24