ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে একজনের মৃত্যু হয়েছে।
নূর ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে সদরঘাটের চায়না মার্কেটের সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠায় কোতয়ালি থানা পুলিশ।
প্রায় ছয়ঘণ্টা চিকিৎসাধীন থাকার পরে শুক্রবার ভোররাতে তিনি মারা যান বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মাসুম খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নূর ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার ব্যাগে কিছু কাপড়চোপড় পাওয়া গেছে। তবে কোনো টাকা-পয়সা বা মোবাইল ফোন পাওয়া যায়নি।
লাশ মিটফোর্ড মর্গে রয়েছে। তার ঠিকানায় খবর পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাসুম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এমআই/১৮১৮ ঘ.
bdnews24