২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীমের মৃত্যু: কালার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় জড়িত জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় জড়িত জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. ইসামাইল হোসেনের খাস কামরায় তিনি এই জবানবন্দি দেন। অপরাধ তথ্য ও গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার শেরে বাংলা নগর থানায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় কালাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অধিকাংশ ক্ষেত্রে হেফাজতে নির্যাতনের মুখে আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকে, পরে বিচারের সময় আদালতে আগের জবানবন্দি সে প্রত্যাহার করে নেয়। ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ইব্রাহিমের মৃত্যু হয়। ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে সাংসদ শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট। সাংসদ শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ এবং কালাকে গত ২৯ অগাস্ট গোয়েন্দা পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের হেফাজতে (রিমান্ড) নেয় গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/২০৩১ ঘ.