২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি: চট্টগ্রামে নির্ধারিত দরের চেয়ে ৫ টাকা বেশি

চট্টগ্রামের খুচরা বাজারে প্রশাসন নির্ধারিত দরের চেয়ে কেজিপ্রতি পাঁচ টাকা বেশিতে চিনি বিক্রি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুচরা বাজারে প্রশাসন নির্ধারিত দরের চেয়ে কেজিপ্রতি পাঁচ টাকা বেশিতে চিনি বিক্রি হচ্ছে। গত মঙ্গলবার চট্টগ্রামে বাণিজ্য সচিবের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে খুচরা বাজারে প্রতি কেজি চিনির সর্বোচ্চ মূল্য ৪৭ টাকা নির্ধারণ করা হলেও বাজারে এর কোনো প্রভাব নেই। নগরীর খুচরা মুদির দোকানগুলোতে বৃহস্পতিবার খোলা চিনি বিক্রি হয়েছে প্রতি কেজি ৫২ টাকা। তবে বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চিনি বিক্রি হয়েছে ৫৫ টাকায়। বুধবার সরকারের পক্ষ থেকে ঈদের পর চিনির আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। সরববরাহ কম ও পাইকারদের কাছ থেকে বেশি দামে কেনার কারণে দাম বেড়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। মঙ্গলবারের বৈঠকের আগে চট্টগ্রামের বাজারে চিনির খুচরা দর ছিল ৪৭-৪৮ টাকা। ওই বৈঠকে মিল গেটে চিনির দর প্রতি কেজি ৪৩ টাকা, পাইকারী বাজারে ৪৫ টাকা ও খুচরা দর সর্বোচ্চ ৪৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু পাইকারী ও খুচরা বাজার এবং মিল গেটে এর কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার বৃহত্তম পাইকারী আড়ত খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, মিল গেটে ছাড়ের অপেক্ষায় থাকা প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) চিনির ডিও (ডেলিভারি অর্ডার) বিক্রি হয়েছে ১৭২০ টাকায়। এ হিসেবে প্রতি কেজির দাম পড়ছে ৪৬ দশমিক ০৮ টাকা। পাইকারী বাজারে প্রতি মণ চিনি বেচাকানা হয়েছে ১৭৮০ থেকে ১৮০০ টাকা। প্রতি কেজি ৪৭ দশমিক ৬৯ টাকা। পাইকারী বাজারে ব্যবসায়ীদের হাতে ঘুরতে থাকা চিনির প্রতি মণ ডিও (যা ঈদের আগে পাওয়া যাবে না) বিক্রি হয়েছে ১৬৬০ টাকায়। চেরাগী পাহাড়, ঘাটফরহাদবেগ, পাথরঘাটা, আগ্রাবাদসহ নগরীর বিভিন্ন পাড়ার মুদি দোকানগুলোয় বিক্রি হয়েছে ৫২ টাকায়। এছাড়া রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউরীসহ বিভিন্ন বাজারে ৫০ টাকা দরে চিনি বিক্রি হয়েছে। চট্টগ্রামের এস আলম গ্র"প বৃহস্পতিবার থেকে ৪২ টাকা দরে মিল গেটে চিনি বিক্রির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এদিন বিকালে ৪২ টাকা দরে নগরীর লালদীঘির পাড়ে খাতুনগঞ্জের পাইকারী ব্যবসায়ীদের কাছে ২৪০ টন চিনি সরবরাহ করে। পাইকারী ব্যবসায়ীরা সহনীয় দামে এ চিনি খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবে। ঈদের আগেরদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি এ কার্যক্রম চালাবে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠকে দাম নির্ধারণ এবং শুল্ক প্রত্যাহারের ঘোষণার পরও দাম বাড়া অত্যন্ত দুঃখজনক।" দাম বাড়ার কারণ জানতে চাইলে রেয়াজুদ্দিন বাজারের দোকান মালিক মোহাম্মদ ইউনূস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন তিন-চার বস্তা চাহিদার বিপরীতে পাইকারদের কাছ থেকে দুই বস্তা পাওয়া যাচ্ছে। তাই দামও একটু বেশি পড়ছে। ঈদের মাত্র আটদিন বাকি থাকতে চিনির দাম বাড়ায় খুচরা বাজারে আসা ক্রেতারা এজন্য ব্যবসায়ীদের দায়ী করেছেন। রেয়াজুদ্দিন বাজারে আসা বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাখাওয়াত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঈদে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান চিনি। কিন্তু প্রতি বছরই ঈদের আগে চিনির দাম বাড়ে, কীর আর করা এটা আমাদের নিয়তি হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/পিডি/২০২৭ ঘ.