২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের বেতন-ভাতা রোববারের মধ্যে দেওয়ার দাবি

রোববারের (৫ সেপ্টেম্বর) মধ্যে ঈদের উৎসব ভাতাসহ অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতনের সরকারি অংশ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের (৫ সেপ্টেম্বর) মধ্যে ঈদের উৎসব ভাতাসহ অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতনের সরকারি অংশ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. সেলিম ভূঁইয়া এ দাবি জানান। তিনি বলেন, "আমরা জানতে পেরেছি- ৯ সেপ্টেম্বরের আগে শিক্ষকদের বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ঈদের মাসেও শিক্ষকদের বেতন সময়মতো না দেওয়া হলে শিক্ষক-কর্মচারীরা কীভাবে ঈদ করবেন। "তাই সরকারের কাছে ৫ সেপ্টেম্বরের মধ্যে দুই মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি।" এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "নইলে সরকারকে শিক্ষক সমাজের কাছে এজন্য জবাবদিহি করতে হবে।" ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বেলা ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষকরা সরকারি অংশের অর্থ না পাওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৩০৭ ঘ.