সাভার, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাস ও ছুটি বাড়ানোর আশ্বাস পেয়ে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।
বুধবার সকাল থেকে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় 'ন্যাচারাল ডেনিমস লিমিটেড' কারখানার শ্রমিকরা ঈদের ছুটি নয়দিন করাসহ বোনাস বাড়ানোর দাবিতে প্রায় চার ঘণ্টা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে।
আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই কারখানার প্রায় দুই হাজার শ্রমিক সকাল ৯টার দিকে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে।"
তিনি জানান, শ্রমিকরা ঈদের ছুটি সাত দিনের পরিবর্তে নয় দিন করাসহ ঈদ বোনাস পরিশোধ এবং প্রোডাকশন ম্যানেজার (পিএম) মো. রুবেল ও সরোয়ার হোসেনকে অপসারনের দাবি জানায়।
১১টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয় বলে জানান তিনি।
ন্যাচারাল ডেনিমস লিমিটেডের মহাব্যাবস্থাপক (প্রশাসন) শরিফুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি অনুযায়ী দুইজন পিএমকে অপসারণ করে একই মালিকের অন্য কারখানায় নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, "শ্রমিকদের দাবি অনুযায়ী ঈদ বোনাস ৬০ শতাংশ বাড়ানোসহ ঈদের ছুটিও বাড়ানো হয়েছে।"
পরে বেলা ১২টার দিকে কারখানা এক দিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
অপরদিকে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সুনিল সাহা জানান, হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার 'ফা এপারেলস লিমিটেড' পোশাক কারখানার প্রায় ১১শ' শ্রমিক বকেয়া বেতন, ঈদ বোনাস ও ওভার টাইমের বকেয়া পাওনার দাবিতে বুধবার কাজে যোগ দেয়নি।
শ্রমিকরা জানায়, তাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।
কারখানার প্রডাকশন ম্যানেজার (পিএম) মো. সোলাইমান জানান, ব্যাংক বন্ধ থাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেবি/এইচএ/১৮১০ ঘ.
bdnews24