২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর আজিমপুর সরকারী অফিসার্স কোয়ার্টার এলাকায় মঙ্গলবার রাতে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 08:10 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর সরকারী অফিসার্স কোয়ার্টার এলাকায় মঙ্গলবার রাতে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম শিউলী বেগম (১৬)। তিনি কোয়ার্টারের কামিনী টাওয়ারের ৮২/ডি ভবনের তৃতীয় তলার বাসিন্দা পুলিশ সুপার (এসপি) মো: শাহজাহানের বাসায় কাজ করতেন। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে কামিনী টাওয়ারের ১২তলা ভবনের সামনে হঠাৎ কিছু পড়ার শব্দে স্থানীয় লোকজন গিয়ে শিউলিকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসপি (মিরপুর স্টাফ কলেজ) মো: শাহজাহানের বাসায় কাজ করতেন শিউলী। মঙ্গলবার রাত ৯টার দিকে কাউকে না বলে শিউলী বাসা থেকে বের হয়ে যান। পরে থানায় খবর দেওয়া হয়। তিনি জানান, শিউলীকে বুধবার গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা ছিলো বলে জানিয়েছেন গৃহকর্তা মো. শাহজাহান। অভিমান করেই সম্ভবত শিউলি ১২ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানায় গৃহকর্তা। শিউলীর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় লালবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/আরএ/১৪০৬ ঘ.