আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতে ওয়াকিটকি, কোমরে পিস্তল ও হাতকড়া, পরনে সাধারণ পোশাক- এ দেখে কারো বোঝার উপায় নেই যে, তারা র্যাব বা পুলিশের বেশধারী ছিনতাইকারী।
চট্টগ্রামের কোতয়ালী থানা সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে গত ২৬ জুলাই রাতে এ ধরনের ছদ্মবেশী ছিনতইকারীদের একটি দল গ্রেপ্তার করার কথা বলে টেলিকম ব্যবসায়ী মোজাফফর হোসেনকে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মোজাফফরের হাতে হাতকড়া পরিয়ে, বুকে পিস্তল ঠেকিয়ে বলা হয়, সে ইয়াবা মাদক ব্যবসায়ী। তাকে মারধর করে চার লাখ বিশ হাজার টাকা ও জিনিসপত্র লুটে নেয় এই ছিনতাইকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে কাট্টলী এলাকায় ফেলে রেখে যায়।
এ ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ ছিনতাইকারী দলের কয়েকজনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মহানগরীতে এ ধরনের র্যাব-পুলিশের ছদ্মবেশধারী দশটি ছিনতাইকারী দলের খোঁজ পেয়েছে পুলিশ।
নগরীর কোতয়ালী থানার এক প্রতিবেদন অনুযায়ী এ ধরনের ছদ্মবেশধারী ছিনতাইকারী দলগুলো হলো- হাকিম পুলিশ গ্র"প, সাইফুল-সুমন গ্র"প, আরিফ-সাহাবুদ্দিন গ্র"প, রুবেল জলদাস-বক্কর গ্র"প, লিটন বড়ুয়া-খোকনের নেতৃত্বে পটিয়া গ্র"প, শিবিরের রিপন-রুবেল গ্র"প, বক্সিরহাটের ডাইল সুমন-বাবুল গ্র"প, বদরপাতির জালাল-জাকু গ্র"প, ইউনুস-আলী গ্র"প, আপেল মিন্টু-কালা ফারুক গ্র"প।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সন্ত্রাসী ছিনতাইকারীরা এতটাই সংঘবদ্ধ যে, আসল পুলিশ ও র্যাবের উপরও মাঝে মাঝে চড়াও হয় তারা।
তিনি বলেন, "শুক্রবার সন্ধ্যায় নগরীর আসাদগঞ্জে এ ধরণের সন্ত্রাসী দলের একজনকে গ্রেপ্তার করলে তারা পুলিশের উপর হামলা চালায়।"
এসআই মোহসিন জানান, এতে তিনি নিজে এবং অভিযানে অংশগ্রহনকারী পুলিশের তিন উপ-পরিদর্শক আহত হন।
তিনি আরো জানান, এই গ্র"পগুলো ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা তাদের খোঁজে নেমেছে। শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করা হবে।
পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, র্যাব ও পুলিশের মতই এদের রয়েছে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, সংকেত ও সোর্স।
গ্র"পগুলোর সোর্স হিসেবে কাজ করে নগরীর আছদগঞ্জের করিম, সাইফুল, পটিয়ার রহিম, রাউজানের মিলন, খাতুনগঞ্জের তৈয়ব, সিডিএ গরু বাজারের দুলাল। তাদের সাংকেতিক নাম 'বেদী'। তারা তাদের শিকারকে 'গরু' হিসেবে চিহ্নিত করে।
তাদের জন্য মাইক্রোবাসসহ বিভিন্ন ধরণের যানবাহন সরবরাহ করে লালদীঘির পাড়ের গাড়িচালক জসিম, আপেল মিন্টুর শ্যালক ইমন, হালিশহরের সুমন, জাবেদ এবং পাহাড়তলীর সুমন।
র্যাব-পুলিশের পোশাক, ব্যাজ, মনোগ্রাম, হাতকড়া ইত্যাদি সংগ্রহ করা হয় ঢাকার পলওয়েল, চট্টগ্রামের ভাটিয়ারী, বায়েজিদ বোস্তামী এলাকা ও স্থানীয় বিভিন্ন বিপণী বিতান থেকে।
চট্টগ্রাম র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব-পুলিশের ছদ্মবেশী এই সন্ত্রাসী গ্র"পগুলোর বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে। এদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালানোর প্রস্তুতি চলছে।"
তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার্য জিনিসপত্র এখন সহজলভ্য। চাইলেই বিভিন্ন বাজার থেকে যে কেউ তা সংগ্রহ করতে পারে। বিভিন্ন চোরকারবারীর হাত দিয়ে দেশে এখন অস্ত্র যোগাড় করাও কঠিন কিছু নয়।"
সাজ্জাদ হোসাইন বলেন, "এই চক্রের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত বা চাকুরিচ্যুত কিছু সদস্য জড়িত রয়েছে। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী সদস্যদের সাথেও এই চক্র যোগাযোগ রাখে। ফলে এরা পুলিশের কার্যক্রম সম্পর্কে বিভিন্নভাবে প্রশিক্ষিত হয়।"
র্যাব পরিচয়দানকারী কোন ব্যক্তিকে সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখা ও র্যাব কার্যালয়ে যোগাযোগ করে তার সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানো ১০টি দলের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে।"
তিনি জানান, এই চক্রের বেশ কয়েকজন সদস্যকে ইতিমধ্যে গেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এদের কাছ থেকে এই ১০টি দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রগুলোকে ধরতে জোরদার অভিযান শুরু করা হয়েছে।
পুলিশ পরিচয় দানকারী কোন দলকে সন্দেহ হলে তাদের পরিচয়পত্র দেখে নেওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কেএমএস/১২১৭ ঘ.
bdnews24