ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৯২তম জন্মবার্ষিকী বুধবার। দিবসটি পালনে বঙ্গবীর স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করছে।
আতাউল গনি ওসমানীকে ১৯৭১ সালে প্রবাসী মুজিবনগর সরকার জেনারেল পদে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে তিনি জয়ী হন। পরে সংবিধানে চতুর্থ সংশোধনীর সঙ্গে দ্বিমত পোষণ করে সংসদ থেকে পদত্যাগ করেন। তার মৃত্যু হয় ১৯৮৪ সালের ১৬ ফেব্র"য়ারি।
জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে হযরত শাহজালাল (রা.) এর দরগা শরীফ কবরস্থানে বুধবার সকালে বঙ্গবীর ওসমানীর কবরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে।
বঙ্গবীর স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, পরিষদ বুধবার বেলা ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। সভার পর সেখানে ইফতার পার্টি হবে।
এদিকে ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার গঠিত দল জাতীয় জনতা পার্টি দুই দিনের কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সংগঠনটির পক্ষে ওসমানীর কবরে ফাতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১০০ ঘ.
bdnews24