জামালপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ধর্ষণ মামলায় জামালপুরে একজনের যাবজ্জীবন এবং অপর দু'জনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মো. মোতাহার হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিত দিলদার হাসান শ্যামলকে এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস সশ্রম কারাভোগ করতে হবে।
সাত বছর সাজাপ্রাপ্ত দু'জন হল- মাসুদ ও সুরুজ। তাদের ২৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে। এ টাকা অনাদায়ে আরো একমাস সশ্রম কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকে কাঠগড়া থেকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ১ অগাস্ট সদর উপজেলার পলিশা এলাকায় দিলদার হাসান শ্যামল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। এর আগে মাসুদ ও সুরুজও তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়।
২০০২ সালের ১০ অগাস্ট এই তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা করেন মেয়েটির বাবা। একই বছরের ৯ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলায় ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24