ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রায় ১১ বছর আগে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় শ্লীলতাহানির শিকার শাওন আক্তার বাঁধনের করা মামলার তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।
২০০০ সালের ওই ঘটনার ১০ বছর আট মাস পর মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন- ফজলুল হক রাসেল, খান মেজবাউল আলম টুটুল ও চন্দন কুমার ঘোষ ওরফে প্রকাশ।
রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
রায়ে বিচারক বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আসামিদের খালাস দেওয়া হলো।
মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর রাতে বাঁধন তার বান্ধবী শীলা রহমান, শীলার স্বামী জিল্লুর রহমান ও তার বন্ধু জাহাঙ্গীর একটি ব্যাক্তিগত গাড়িতে করে টিএসসি এলাকায় ইংরেজি নববর্ষ উদযাপন করতে আসেন। এসময় খালাস পাওয়া তিনজনসহ আরো ১০/১২ জন তাদের গাড়ি থামিয়ে বাঁধনকে নিয়ে টানাটানি শুরু করে। হামলাকারীরা বাঁধনের শ্লীলতাহানিও করে।
তখন ওই ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সারা দেশে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে তখন সংসদেও আলোচনা হয়।
এ ঘটনায় ২০০০ সালের ৬ জানুয়ারি বাঁধন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।
২০০০ সালের ১৪ মে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল করিম তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ জন আদালতে সাক্ষ্য দিলেও বাঁধন নিজেই সাক্ষ্য দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২০০০ ঘ.
bdnews24