ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নির্বাচন কমিশনারের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা।
গাড়ি স্বল্পতা ও বর্তমান গণতান্ত্রিক পরিবেশের কারণে আপাতত নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানিয়েছেন ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রটেকশন) ফয়েজ আহমেদ।
নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন এমন এক পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানান, দুই কমিশনারের পুলিশি নিরাপত্তা দলে একজন করে গানম্যানসহ ছয় জন (এসবি'র গানম্যান, ড্রাইভার, তিন কনস্টেবল ও হাবিলদার) করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। এ দলের নেতৃত্ব দিতেন একজন হাবিলদার।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়িত্ব নেওয়া দুই নির্বাচন কমিশনার মঙ্গলবার প্রথমবারের পুলিশি নিরাপত্তা ছাড়া আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার বিষয়টি স্বীকার করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার নিরাপত্তা বহাল রয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, অতীতেও নির্বাচন কমিশনাররা পুলিশি নিরাপত্তা পেয়ে এসেছেন।
উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রকেটশন) ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই নির্বাচন কমিশনারের পুলিশ প্রটেকশন রাখা কিংবা দেওয়ার বিষয়ে কোনো লিখিত আদেশ ছিল না। তখনকার (২০০৭ সালে) সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা দেওয়া হয়েছিল। এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। আগের মতো পরিস্থিতিও নেই।
"গাড়ির স্বল্পতার কারণেও আপাতত সরিয়ে নেওয়া হয়েছে প্রটেকশন। পরবর্তীতে তা দেওয়া হবে কি না দেখা যাবে।"
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, সোমবার রাত থেকে দুই নির্বাচন কমিশনারের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। মঙ্গলবার নির্বাচন কমিশনাররা ডিএমপি পুলিশের ডিসি'র (প্রটেকশন) সঙ্গে কথা বলেছেন।
বহুল আলোচিত এমএ আজিজ কমিশনের পদত্যাগের পর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যদের নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়। ২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি মুহাম্মদ ছহুল হোসাইন এবং ১৪ই ফেব্র"য়ারি সাখাওয়াত হোসেন পুলিশি নিরাপত্তাসহ কমিশন সচিবালয়ে অফিস করা শুরু করেন।
এর পর টানা প্রায় পৌনে তিন বছর তারা ওই সুবিধা পেয়ে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24