শরীয়তপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর থেকে আল্লাহর দলের গ্রেপ্তার নয় সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন পালং থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার কর্মকার।
শুনানি শেষে বিচারক অশোক কুমার দত্ত চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
সোমবার গভীর রাতে শরীয়তপুর জেলা সদরের ধানুকার স্টেডিয়াম মাঠে অভিযান চালিয়ে দলীয় নথিপত্রসহ তাদের গ্রেপ্তার করে পালং থানা পুলিশ।
মঙ্গলবার সকালে পালং থানার উপপরিদর্শক সুনীল কুমার কর্মকার বাদী হয়ে এ ব্যপারে একটি মামলা দায়ের করেন।
পালং থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে স্টেডিয়াম মাঠে বৈঠকরত আল্লাহর দলের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- পাবনার আটঘড়িয়া গ্রামের আবুল ফয়েজ শেখের ছেলে শফিকুল ইসলাম সুরুজ (২৩), একই জেলার রাধানগর গ্রামের মৃত ফয়জুল করিমের ছেলে জিয়াউল করিম সুজন (২৫), বরিশাল জেলার উজিরপুরের শৌলক গ্রামের মৃত আজাহার তালুকদারের ছেলে ইমদাদুল তালুকদার আকাশ (২৪), মাদারীপুরের কালকিনির জায়গীর গ্রামের সরোয়ার বেপারীর ছেলে সিহাব উদ্দিন বেপারী (১৬), শরীয়তপুর সদর উপজেলার চর কাশাভোগ গ্রামের আবদুল হাই সরদারের ছেলে সুমন সরদার (২২), হোগলা গ্রামের মফিজ উদ্দিন মুন্সীর ছেলে জাহিদুল ইসলাম (২১), চরচটাং গ্রামের শাহ আলম ঘটকের ছেলে আবিদ আহমেদ শিশির (১৯) ও চর যাদবপুর গ্রামের আবুল কালাম সরদারের ছেলে সবুজ সরদার (১৬) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের নুরুল ইসলাম ঢালীর ছেলে শহীদুল ইসলাম ঢালী (১৮)।
এদের মধ্যে পাবনার জিয়াউল করিম সুজন গত বছরের ২৭ ডিসেম্বর পালং থানায় গ্রেপ্তার পাবনা জেলার আল্লাহর দলের সদস্য আবদুল মান্নানের খালাতো ভাই। আবদুল মান্নান বর্তমানে শরীয়তপুর জেলা কারাগারে রয়েছে।
ওসি জানান, তাদের কাছ থেকে দলীয় কার্যক্রম পরিচালনার বিভিন্ন নির্দেশনা সম্বলিত কাগজপত্র উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে- শক্তিশালী স্পেশাল টিমের দাওয়াত প্রতিবেদন ফর্ম, প্রতিনিধি-১ প্রশ্নপত্র, পুলিশ গ্রেপ্তার করলে জিজ্ঞাসাবাদে কী উত্তর দিতে হবে তার প্রশ্নপত্র ও উত্তরপত্র, গ্রীষ্মকালীন খাদ্যের তালিকা, যাকাত নির্ধারণ-১ (শরীয়তপুর) ও ২১-০৫-২০১০ তারিখের খরচের তালিকাসহ ধর্মীয় কাগজপত্র।
পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান পিপিএম বলেন, এই নয় জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেবি/এইচএ/১৮০০ ঘ.
bdnews24