২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে প্রবেশের জাল পাস তৈরি চক্রের একজন গ্রেপ্তার

সচিবালয়ে প্রবেশের জাল পাস তৈরি ও বিক্রয়কারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আজাদ চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 08:46 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে প্রবেশের জাল পাস তৈরি ও বিক্রয়কারী চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আজাদ চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সচিবালয় বিশেষ শাখার (এসবি) সদস্যরা মঙ্গলবার তাকে আটক করে নিরাপত্তা শাখা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই শাহবাগ থানায় পাঠিয়ে দেয়। সচিবালয় নিরাপত্তা শাখা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মেরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাল পাস বিক্রির সময় আজাদ চৌধুরীকে আটক করেন এসবির কর্মকর্তা আবুল হাশেম। আজাদের কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষরযুক্ত ১০টি পাস পাওয়া গেছে। আবুল হাশেম পরে আজাদকে নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করেন। আজাদ নিজেকে একজন পেট্রোল পাম্প ব্যবসায়ী হিসেবে দাবি করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রাবাড়ির চৌধুরী পাম্প ও চানখারপুলের পেট্রোল পাম্পসহ তার কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা।" আজাদের কাছ থেকে ১০০ টাকায় পাস ক্রয়কারী বেলায়েত হোসেনকেও এ সময় পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। বেলায়েত হোসেন গণপূর্ত বিভাগের অফিস সহকারী। তিনি আজাদের কাছে থেকে পাস কেনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন। মেরিন সুলতানা আরো জানান, সচিবালয়ে পাস জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৪৪০ ঘ.