ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করায় রাজধানীর ১৭ দোকানিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি বাজার তদারক দল হাতিরপুল, কারওয়ান বাজার ও কাপ্তান বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এনামুল হক ও মোহাম্মদ আবুল কালাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সচিব আব্দুল বাতেন মিঞা দল তিনটির নেতৃত্ব দেন।
বেশি দামে চিনি বিক্রির অপরাধে কাপ্তান বাজারের রমজান স্টোর, মেসার্স জনতা এন্টারপ্রাইজ, আমানিয়া স্টোর, মোস্তফা স্টোর, মেসার্স কে স্টোর ও হাজী ইয়ামুদ্দিন স্টোরকে জরিমানা করা হয়।
একই অপরাধে কারওয়ান বাজারের এ আর জেনারেল স্টোর, সততা জেনারেল স্টোর, বাবুল স্টোর, সোহেল জেনারেল স্টোর, মিজান স্টোর, সুমন জেনারেল স্টোর ও জব্বার স্টোরসহ ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া হাতিরপুল বাজারে বেশি দামে সয়াবিন ও পাম তেল বিক্রির অপরাধে মেসার্স আমিন স্টোরকে জরিমানা করা হয়।
সরকারি মূল্য তালিকা অনুযায়ী, প্রতি কেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা, পাম সুপার ৭৬ টাকা এবং পাম তেল ৭৩ টাকায় বিক্রয় হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৪ঘ.
bdnews24