চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার প্রতিপক্ষের হামলায় এক আম বাগানের পাহারাদার নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত পাহারাদার আব্দুল করিম (৪২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বারোমাসি গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বারোমাসি গ্রামের নাইমুল ইসলামের আমবাগানে রোববার ভোর সাড়ে ৬টার দিকে প্রতিবেশী বাইরুলের নেতৃত্বে ২৫/৩০ জন দুর্বৃত্ত ঘর তোলার চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা করিমকে পিটিয়ে গুরুতর আহত করে।
ওসি জানান, করিমকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান করিম।
এ ঘটনায় বাগান মালিক নাইমুল ইসলাম বাদী হয়ে ৫৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।
ওসি জানান, রোববার রাতে বারোমাসি গ্রামের মৃত তাজিমুদ্দীনের ছেলে আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫৩৮ ঘ.
bdnews24