ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনসহ সরকারি ভবনে আলোকসজ্জা, রাজধানীর প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী দিয়ে সুসজ্জিত করাসহ ৫ দফা দাবি জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষে সভাপতি বীরেশ চন্দ্র সাহা এই দাবি জানান।
কমিটির অন্য দাবিগুলো হচ্ছে- জন্মাষ্টমীর দিন কারাগার, হাসপাতাল, অনাথ আশ্রম ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা, সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন ও বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে দিবসটি পালনে অনুষ্ঠানমালা প্রণয়ন।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাজার বছরের ঐক্য, চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে ঈদুল আজহা, ঈদে-মিলাদুন্নবী, জন্মাষ্টমী, দূর্গাপূজা, বুদ্ধ পুর্ণিমা ও বড়দিন সার্বজনীন মর্যাদা লাভ করেছে। সমান অধিকারের শাশ্বত দিকটা গণমাধ্যম তুলে ধরা হবে বলে আমরা আশা করি।
সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী অভিযোগ করেন, শেরপুরে বেদখলকৃত দেবত্তোর সম্পত্তি উদ্ধারে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
একই সঙ্গে হিন্দু কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত করে হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন গঠনের দাবি জানান তিনি।
সম্মেলনে আরো বলা হয়, আগামী বুধবার শ্রীকৃষ্ণের জন্ম দিবস উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা শুরু হবে। ওই দিন বিকাল তিনটায় শোভাযাত্রা বের হবে। রাতে মেলাঙ্গনে হবে কৃষ্ণ পূজা। আগামী শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমইউএস/১৫২২ঘ.
bdnews24