সাভার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বালু উত্তোলনকে কেন্দ্র করে ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিক্ষুব্ধ গ্রামবাসী একটি প্রাইভেটকার ও একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে পুলিশের একটি পিকআপভ্যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
রোববার সকালে উপজেলার দেপাশাই গ্রামে বংশী নদীর ঘাটে এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রামবাসীর অভিযোগ, বালু উত্তোলনের কারণে তাদের ফসলী জমি ও বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
ধামরাই থানার ওসি এস এম আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, তাহের ট্রেডার্সের মালিক স্থানীয় ছাত্রলীগ নেতা আবু তাহের ও তার লোকজন দীর্ঘদিন ধরে দেপাশাই গ্রামের ঘাটে বালু উত্তোলন করে আসছিলেন।
এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও তাহের বালু উত্তোলন বন্ধ করেননি।
রোববার সকালে তাহের ও তার লোকজন চারটি খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন শুরু করে।
বেলা ১১টার দিকে দেপাশাই, শৈলান ও দত্তখোলা গ্রামের কয়েকশ' লোক বালু উত্তোলনে বাধা দেয়। তারা খননযন্ত্র ভাংচুর করে। তাহেরের লোকজনও পাল্টা হামলা চালায়।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫/৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।
প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১টার দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-ধামরাই থানা পুলিশের পিকআপভ্যান চালক কনস্টেবল আবুল কালাম, দেপাশাই গ্রামের মর্জিনা বেগম, আকলিমা বেগম, ফেরদৌসি বেগম, ভানু বেগম, পারভেজ, আরিফ, মিঠু, আলী মোহাম্মদ।
আহতদের কালামপুর ক্লিনিক ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের কয়েকজন অভিযোগ করেন, বালু উত্তোলন বন্ধের জন্য পুলিশ ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো ফল হয়নি।
তাহের দাবি করেন, তারা ঢাকা জেলা প্রশাসকের কাছ থেকে বালু মহাল ইজারা নিয়ে বৈধভাবেই বালু উত্তোলন করছেন।
পাঁচ মাস আগে উপজেলার দেপাশাই, শৈলান ও দত্তখোলা গ্রামের ৬২ দশমিক ৮৫ একর বালুমহাল ১৮ লাখ টাকায় ইজারা নিয়েছেন তারা।
ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম দাবি করেন, দেপাশাই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। না দেওয়ায় গ্রামবাসীদের উস্কে দিয়ে এ হামলা করানো হয়েছে।
এই অভিযোগ অস্বীকার করে দেপাশাই ইউপি চেয়ারম্যান ইদ্রিস বলেন, এলাকাবাসী তাদের ফসলী জমি ও ঘরবাড়ি রক্ষায় বালু উত্তোলনে বাধা দিয়েছে।
ধামরাই থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24