ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা, অতিরিক্ত মজুরি ও বোনাস পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও এ খাতের ব্যবসায়ী নেতারা।
সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এক বৈঠক শেষে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "গার্মেন্টস ও নিটওয়্যার খাতের শ্রমিকদের জন্য ঈদকে আনন্দঘন করতে মালিক প্রতিনিধিরা ঈদের আগেই বেতন, বোনাস ও অতিরিক্ত মজুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারও এক্ষেত্রে তাদের সহযোগিতা করবে।"
তবে আর্থিক সমস্যার কারণে কোনো মালিক নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন, অতিরিক্ত মজুরি ও বোনাস দিতে না পারলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তবে কোনো মালিক ইচ্ছাকৃতভাবে সমস্যার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠন ও সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মোশাররফ হোসেন।
ঈদকে সামনে রেখে গার্মেন্টস ও নিটওয়্যার শিল্প মালিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মোশাররফ হোসেন বলেন, "শ্রমিকদের স্বার্থ নিয়ে যাতে ছিনিমিনি করা না হয়, সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নিজ নিজ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মালিক প্রতিনিধিরা বাস্তবায়নে পদক্ষেপ নেবেন।"
মন্ত্রী আরো বলেন, "দাবি আদায়ের নামে মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদে ঢাকা থেকে বহির্গামী পথগুলো ঝামেলামুক্ত রাখা হবে।"
২০০৬ সালের শ্রম আইন সংশোধন ও গার্মেন্টস শিল্প খাতের সমস্যাগুলো দূর করতে ঈদের পর মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাদা বৈঠক করা হবে বলেও জানান তিনি।
শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রম সচিব নূরুল হক, বাণিজ্য সচিব গোলাম হোসেন, এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৫৫১ ঘ.
bdnews24