ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারে আবারো দুপক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।
রোববার সকালে এ সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়। তাদেরকে সদর হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সকাল ৯ টার দিকে শহরের কান্দিপাড়ার লোকজন আনন্দবাজারের দখল নিতে এলে বিরাশার গ্রামসহ সাত গ্রামের লোক তাদের বাঁধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় বাধে। সংঘর্ষকালে উভয়পক্ষই দেশীয় অস্ত্র ছাড়াও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় আনন্দ বাজার, লাখী বাজার, সড়ক বাজার, নিউ মার্কেট, জগত বাজারসহ আশপাশের পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় বাজারে বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাট হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে এবং ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের ব্যাপক তৎপরতার মুখে দু পক্ষের লোকজন সরে যায়।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, আনন্দ বাজারের মাছ বাজারে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দু'দলের মধ্যে রোববার আবারও সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনন্দ বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে আনন্দ বাজারের মাছ বাজারে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে বিরাসার গ্রামের ফায়েজ মিয়া এবং কান্দিপাড়ার আলাল মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দু'পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৯ ঘ.
bdnews24