শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াত চক্র এবারের ঈদ বাজারে ৫০ থেকে শুরু করে এক হাজার পর্যন্ত টাকার 'উন্নতমানের' জাল নোট ছড়িয়েছে। রাজধানীর ফুটপাতের দোকান আর বড় বড় বিপণি বিতান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়েছে এসব জাল টাকা। এতে প্রতিদিন প্রতারিত হচ্ছে সহজ-সরল মানুষ।
রাজধানীর একাধিক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সতর্কতা অবলম্বন করেও জাল টাকা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। উন্নত প্রযুক্তিতে তৈরি জাল নোট নিয়ে তারা পড়েছেন মহা বিপাকে।
রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, স্বল্প আয়ের সাধারণ মানুষেরা ভয়ে কারো কাছে বলতেও পারছে না তার হাতে কখন কে জাল টাকার নোট দিয়েছে। বিড়ম্বনার আশঙ্কায় তারা এ নিয়ে অভিযোগও করতে পারছে না থানা পুলিশের কাছে। দিশেহারা এ অবস্থায় অনেকেই বাধ্য হয়ে নষ্ট করে ফেলছেন এসব টাকা।
ব্যাংকসহ বিভিন্ন অফিস থেকে জাল নোট চেনার উপায় নিয়ে প্রচারণা চললেও অনেকে সে বিষয়ে যথেষ্ট সচেতন নন। এছাড়া ব্যাংক থেকে জাল নোট চেনার জন্য যে প্রচারপত্র সরবরাহ করা হয় সেগুলো পৌঁছেনি সাধারণ মানুষ পর্যন্ত।
রাজধানীতে এমন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যাদেরকে ৫০০ টাকার একটিমাত্র জাল নোট পেলেই ব্যবসা গুটিয়ে ফেলতে হয়।
তাদের একজন নিউমার্কেট এলাকার ফুটপাতের হকার আজিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো দিন একটি জালনোট পেলেই সারাদিনের খাটুনি মাটি হয়ে যায়। পরদিন তা কোনো না কোনো ভাবে কোনো ক্রেতাকে গছিয়ে দিতে হয়।
গুলিস্থানের এক ফুটপাতের ব্যবসায়ী রমিজ আনসারী জানান, প্রতিদিনই কোনো না কোনো ক্রেতা জাল নোট গছিয়ে দিচ্ছে। এখন সবচেয়ে বড় ভয় হাজার টাকার জাল নোট। এই নোট একবার কপালে জুটলে ব্যবসার 'মাথায় হাত' পড়ে যায়।
গাউসিয়া মার্কেটের একটি বড় প্রতিষ্ঠানের মালিক নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ মৌসুমে তার দোকানে প্রতিদিনি দুই-তিন লাখ টাকা বিক্রি হয়। আর প্রতিদিনই ৭-৮টি জাল নোট (এক হাজার বা ৫০০ টাকার) বা তার চেয়েও বেশি পাওয়া যায়। উপায় না থাকায় সেই টাকা কৌশলে দিতে হয় ক্রেতা বা ব্যাংককে।
শুধু রাজধানীতেই নয়, এই জাল নোট এবার চলে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে।
গত ২৫ অগাস্ট র্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে ২২ হাজার জাল টাকাসহ মাসুদ রানা (৩২) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। একই দিন র্যাব-৬ ঝিনাইদহ সদর থেকে মোক্তার হোসেন (৪০) নামের একজনকে জাল নোটসহ গ্রেপ্তার করে।
অনুসন্ধানে আরো জানা যায়, বর্তমানে ৫০ থেকে ৫০০ ও হাজার টাকার নোট জাল হচ্ছে। আগে ৫০ টাকার নোট তেমন জাল না হলেও এখন ব্যাপক হারে হচ্ছে। কারণ, ৫০ টাকার জাল নোট সহজেই চালানো যায়।
আগে ৫০০ ও হাজার টাকার জাল নোট তৈরি হতো উন্নতমানের অফসেট কাগজ দিয়ে। কাগজের ওপর ছাপ দিয়ে তা সরবরাহ করা হতো। এতে নোটের জলছাপ, নিরাপত্তা সূতা এবং নোটের ওপরের উচুনিচু (টাকার উপরে নক টানলে বোঝা যায়) থাকতো না।
এছাড়া এই নোট কয়েকদিন থাকলে বা একটু পানি লাগলে বা স্যাঁতস্যাঁতে ভাব হলেই নষ্ট হয়ে যেতো। ফলে সহজেই বোঝা যেতো নোটটি জাল।
তবে উন্নতি প্রযুক্তির সুবাদে এখন আর ওই ধরনের জাল নোট তৈরি হচ্ছে না। জাল নোটে জলছাপ এবং নিরাপত্তা সূতাও পাওয়া যাচ্ছে। নোটের ওপর নক টানলে উচুনিচুও অনুভূত হচ্ছে। অবস্থা এমন যে ব্যাংকের লোক এবং বিশেষজ্ঞরা ছাড়া সাধারণের পক্ষে এই নোট চেনা দুরূহ। তাই সহজেই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
ঈদ বাজারে জাল টাকা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে জাল টাকা ছড়ানো ঠেকাতে র্যাব সদস্যদের সব সময় সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া রয়েছে।
তিনি জানান, র্যাব সদস্যরা বিভিন্নভাবে মানুষের সঙ্গে মিশে জাল টাকা উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
জন সাধারণের হাতে জাল টাকা ছড়িয়ে পড়লে তা উদ্ধার করা বেশ কঠিন হয়ে যায় জানিয়ে তিনি বলেন, র্যাব মূলত জাল টাকার মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা করে।
কয়েকদিন আগে রাজধানীর উত্তরায় জাল টাকা তৈরির ক্যামিকেল ও যন্ত্রপাতি এবং বিদেশি নাগরিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি (উত্তর) মাহবুবুর রহমান ঈদে জাল টাকা বেশি ছাড়িয়ে পড়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাল টাকা ছড়ানো রোধে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে সাদা পোশাকে ২-৩ জন করে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। এ জন্য ডিবির একটি বিশেষ টিম কাজ করে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএন/এজে/১১৪১ ঘ.
bdnews24