খাগড়াছড়ি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর উদ্যোগে হেডম্যান ও কার্বারী সম্মেলন হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত।
সম্মেলনে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসন দাবি করা হয়।
এতে ছয় দফা ঘোষণা ও ১১ দফা দাবি গৃহিত হয়।
জেলার মাইসছড়ি মৌজার হেডম্যান স্বদেশ প্রীতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন- পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিম্বিসার খীসা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শান্তি জীবন চাকমা, দিঘীনালা হেডম্যান-কার্বারী এসোসিয়েশনের সভাপতি ও হেডম্যান দীপংকর দেওয়ান, মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মার্মা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান বিভাবসু দেওয়ান প্রমুখ।
সম্মেলনে ঘোষণা ও দাবিনামা পাঠ করেন খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা।
পার্বত্য বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার স্বায়ত্তশাসনের দাবিতে আদিবাসীদের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনী প্রায় দুই দশক সশস্ত্র সংগ্রাম করে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় শান্তিচুক্তির মধ্য দিয়ে সংগঠনটি অস্ত্র ত্যাগ করে।
এরপর দলটির নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে প্রকাশ্য রাজনীতিতে আসেন।
কিন্তু ওই অঞ্চলের আদিবাসীদের একটি অংশ পুর্ণ স্বায়ত্তশাসন দাবি করে শান্তিচুক্তির বিরোধিতা করে। তারা গঠন করে ইউপিডিএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24