২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 04:41 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে শুক্রবার র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত শহিদুল ইসলাম চঞ্চল ওরফে ভাগ্নে চঞ্চল (৩২) কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ভাগ্নে পরিচয়ে ফার্মগেট, খামারবাড়ি ও কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি করতেন। তবে নিহতের স্বজনদেও দাবি, চঞ্চল ব্যবসা করতেন। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন না। ব্যবসায়িক বিরোধের কারণে প্রতিপক্ষরা র‌্যাবকে দিয়ে চঞ্চলকে হত্যা করিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে শিল্পাঞ্চলের বিএসটিআই অফিসের কাছে র‌্যাব-২ এর একটি টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে ভাগ্নে চঞ্চলের মৃত্যু হয়। তারপর র‌্যাব তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি জানান, ঘটনাস্থল থেকে র‌্যাব একটি গাড়ি, একটি পিস্তল, একটি পাইপগান কয়েক রাউন্ড গুলি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য নিহতের মৃতদেহ ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ওমর ফারুক। চঞ্চলের মামা ফারুক আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চঞ্চল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন না। র‌্যাব তাকে হত্যা করে নাটক সাজিয়েছে। চঞ্চল ব্যবসা করতেন। গত বছরেও সে ৪০ লাখ টাকা কর দিয়েছে।" তিনি অভিযোগ করেন, " ব্যবসায়িক প্রতিপক্ষরা র‌্যাবকে দিয়ে চঞ্চলকে হত্যা করিয়েছে। বাসা থেকে ধরে নিয়ে তাকে হত্যা করে এই নাটক সাজিয়েছে।" মাত্র ছয়মাস আগে চঞ্চল বিয়ে করেছিলেন। তারা ধানমন্ডির রোড ২৮ (পুরাতন) ৯ নম্বর বাসায় থাকতেন। ওই বাসার নিরাপত্তা প্রহরী মো. জামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চঞ্চল গাড়িতে করে বাসার সামনে নামেন। এ সময় কয়েকজন লোক তার সঙ্গে কথা বলে সবাই মিলে গাড়িতে ওঠে। এরপর মধ্যরাতে তারা এই ক্রসফায়ারের কথা জানতে পারেন। ফার্মগেট ও কাওরানবাজার এলাকার একাধিক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর আগে সুইডেন আসলামের ভাগ্নে পরিচয়ে কাওরানবাজার ও ফার্মগেট এলাকায় চঞ্চল সন্ত্রাসী কর্মকান্ড চালাতেন। কিন্তু পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ পাওয়া যায়নি। গত কয়েকবছরে তাকে কোনো সন্ত্রাসী কর্মকান্ডে কেউ জড়িত হতে দেখেনি। বিকালে ধানমন্ডির সোবহানবাগ মসজিদে জানাজা শেষে চঞ্চলের মৃতদেহ ঢাকার নবাবগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসআইএম/এজে/এইচএ/১৯৫২ ঘ.