ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী শুক্রবার নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
বাংলা সন অনুযায়ী জাতীয় কবির ৩৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। বঙ্গাব্দ ১৩৮৩ 'র ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ অগাস্ট) ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিকে স্মরণে শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী ও নজরুল ইনস্টিটিউট পৃথক কর্মসূচি নিয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে তার পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বুলবুল ললিতকলা একাডেমী, নজরুল একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিভাগীয় নজরুল সেনা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নজরুল প্রমিলা পরিষদ, বাংলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ইউসুফ হোসেন হুমাযূন, শ্রী সতীশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধান বিরোধী দল বিএনপি'র পক্ষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের অর্থ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ জাতীয় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে সেখানে নজরুল কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন-অর-রশিদ, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
১৯২২ সালে প্রকাশিত হয় নজরুলের বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। ব্রিটিশ রাজের ভিত্ কেঁপে উঠেছিলো তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয় কবিকে।
ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ বোঝেননি। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের জয়গান গেয়েছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে।
বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি রচনা করেছেন তা অতুলনীয়।
মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনাও করেন। চলচ্চিত্রেও অভিনয় করেন এই বৈচিত্র্যপিয়াসী কবি।
কবির জীবনাচরণ ছিলো অনিয়ন্ত্রিত। সেই সঙ্গে দারিদ্র্যের কষাঘাত সইতে হয় তাকে। এ দুইয়ের ফলশ্র"তিতে চল্লিশের দশকের শুরু থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে শুরু করেন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি হারান; বন্ধ হয়ে যায় তার লেখনী। এ সময় নজরুল ছিলেন কোলকাতায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বাংলা সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডি লিট' ডিগ্রি দেয়।
১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতা ও বিদ্রোহের কবি নজরুল।
রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/এইচএ/১৯২৪ ঘ.
bdnews24