২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি নজরুলের ৩৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

'আমি চিরতরে দূরে চলে যাবো/ তবু আমারে দেবো না ভুলিতে ...'। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 07:07 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'আমি চিরতরে দূরে চলে যাবো/ তবু আমারে দেবো না ভুলিতে ...'। কবি কাজী নজরুল ইসলামের গানের পঙ্ক্তিমালা। মৃত্যুর ৩৪ বছর পরও বাঙালির সমাজ ও রাজনীতিতে তার প্রভাব ও প্রাসঙ্গিকতা ওই বাণীর যথার্থতাই প্রমাণ করে। কী বিদ্রোহে, কী প্রেমে- আজো বাঙালি শরণাপন্ন হয় কবির। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ জাতির সব ক্রান্তিলগ্নে তার কবিতা ও গান যুগিয়েছে অফুরাণ প্রেরণা। বাংলা সন অনুযায়ী জাতীয় কবির ৩৪তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। বঙ্গাব্দ ১৩৮৩ 'র ১২ই ভাদ্র ( ১৯৭৬ সালের ২৯ আগস্ট) তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আছে সকালে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর। রাজধানীতে প্রধান অনুষ্ঠান হবে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিস্থলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাসহ কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এছাড়া কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও নজরুল ইন্সটিটিউট পৃথক কর্মসূচি নিয়েছে। ১৯২২ সালে প্রকাশিত হয় নজরুলের বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। ব্রিটিশ রাজের ভিত্ কেঁপে উঠেছিল তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয়েছে তাকে। ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ বোঝেননি। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের সাধনা করে গেছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি রচনা করেছেন তা অতুলনীয়। মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনাও করেছেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই বৈচিত্র্যপিয়াসী কবি। কবির জীবনাচরণ ছিল অনিয়ন্ত্রিত। সেইসঙ্গে দারিদ্র্যের কষাঘাত সইতে হয় তাকে। এ দুইয়ের ফলশ্র"তিতে চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি হারান তিনি। বন্ধ হয়ে যায় তার লেখনী। এ সময় নজরুল ছিলেন কোলকাতায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বাংলা সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডি লিট' ডিগ্রি দেয়। ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানবতা ও বিদ্রোহের কবি নজরুল। রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৫০ ঘ.