ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বলেছেন, রংপুর বিভাগে গ্যাস সংযোগ এখন সময়ের দাবি। কারণ, শিল্পায়নের জন্য গ্যাস সংযোগ প্রয়োজন।
তিনি বলেন, "শিল্পায়ন ছাড়া রংপুর বিভাগের উন্নয়ন সম্ভব নয়। শিল্পায়ন হলেই কেবল এ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন হবে।"
বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় রংপুর বিভাগ সমিতি আয়োজিত 'উত্তরাঞ্চলে শিল্পায়ন ও উন্নয়ন' শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অচিরেই সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দর আবার চালু করা হবে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোয় ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে। ফলে এ এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠার পরিবেশ তৈরি হবে।
উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসারও আহ্বান জানান জিএম কাদের।
উত্তরাঞ্চলের আট জেলার ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্রুত রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়া এবং কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনের দাবি জানান তারা।
এফবিসিসিআই'র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মেরিনা রহমান, রংপুর চেম্বার সভাপতি শাহনেওয়াজ বাবলু, দিনাজপুর চেম্বার সভাপতি নূরুল মঈন, গাইবান্ধা চেম্বার সভাপতি আনোয়ারুল কাদির, কুড়িগ্রাম চেম্বার সভাপতি শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও চেম্বার সভাপতি মাহমুদ হাসান, পঞ্চগড় চেম্বার সভাপতি ইকবাল কায়সার ও নীলফামারী চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২৩৫০ঘ.
bdnews24