যশোর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'বকশিশের'র জন্য ট্রাকচালককে পেটানোর পর এক পুলিশ সার্জেন্টকে মারধর করেছে মটর শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের বারান্দীপাড়ায় ঢাকা-খুলনা বাইপাস সড়কে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
যশোর পুলিশ সুপারিনটেনডেন্ট দিদার আহমেদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশ সার্জেন্ট কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বারান্দীপাড়ার ব্যবসায়ী আজাদ হোসেন সাংবাদিকদের জানান, বারান্দীপাড়া সেতুর কাছে বেলা সাড়ে ১১টার দিকে বালুবাহী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-০২-০১০২) থামান ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন।
তিনি ট্রাকচালক আমিনুরের কাছে পাঁচশ' টাকা 'বখশিশ' চান।
মাসিক ভিত্তিতে পুলিশকে টাকা দেওয়া হয় জানিয়ে চালক বকশিশ দিতে অস্বীকার করেন। এ নিয়ে সার্জেন্ট ও চালকের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সার্জেন্ট ট্রাকচালকে পেটান। এতে ক্ষুব্ধ হয়ে চালক আমিনুর ট্রাক আড়াআড়িভাবে সড়কে রেখে মটর শ্রমিক ইউনিয়নের নেতাদের ফোন করেন।
খবর পেয়ে কালীগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল শ্রমিক কালীগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে আসে।
তারা সার্জেন্টকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। পরে তাকে মটরসাইকেলসহ নদীতে ফেলে দেয়।
খবর পেয়ে কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে মটর শ্রমিক ও ট্রাকচালক সরে পড়ে।
প্রত্যক্ষদর্শী আজাদ জানান, এ ঘটনায় প্রায় সোয়া এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয়পাশে কয়েকশ' গাড়ি আটক পড়ে।
কোতয়ালি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, সামান্য বিষয় নিয়ে ট্রাক শ্রমিকদের সঙ্গে সার্জেন্ট কবিরের বচসা হয়। পরে শ্রমিকনেতারা এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সার্জেন্ট কবিরকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করার বিষয়টি ওসিও নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৪ ঘ.
bdnews24