দিনাজপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হয়েছে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।
২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাতিল এবং এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মিছিলে গুলি করে পুলিশ। এতে নিহত হয় তিনজন। আহত হয় দুই শতাধিক মানুষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ছোট যমুনা নদীর তীরে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ আন্দোলনে নিহত আমীনের বাবা আব্দুল হামিদ ও সালেকীনের মা শেফালি বেগম সন্তানদের স্মরণ করে স্মৃতিসৌধে ফুল দেন।
পরে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করে স্মৃতিসৌধে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রায় পাঁচ হাজার মানুষ মিছিল নিয়ে স্মৃতিসৌধে যায়।
দুপুর পর্যন্ত ফুলবাড়ীয় সদরের সব দোকানপাট বন্ধ ছিলো। রাস্তায় কোনো যানবাহন দেখা যায়নি। শহরের ঘর-বাড়ি ও দোকানগুলোতে দেখা গেছে কালো পতাকা।
দিনব্যাপী নানা কর্মসূচি চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
দুপুর ১২টার দিকে সদরের নিমতলা মোড়ে জনসভা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সমাবেশে আগামী ২৪-৩০ অক্টোবর ফুলবাড়ী থেকে বড়পুকুরিয়া অভিমুখে লংমার্চ সফল করার আহবান জানানো হয়।
কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ২০০৬ সালে আন্দেলনকারীদের সঙ্গে করা ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "অবিলম্বে জনগণের ছয় দফা চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার রক্ষা করে নিজেকে বিশ্বাসঘাতক হওয়ার হাত থেকে রক্ষা করুন।"
আনু মুহাম্মদ বলেন, ফুলবাড়ীতে ২০০৬ সালে খনি বিরোধী যে রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে উঠেছিলো তার চাপে চারদলীয় জোট সরকার ছয় দফা চুক্তি করতে বাধ্য হয়েছিলো। ওই সময় বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এক জনসভায় ছয় দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেছিলেন- ক্ষমতায় গেলে এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
তিনি বলেন, "খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে বিদেশিদের স্বার্থে কখনো কয়লা খনি করতে দেওয়া হবে না।"
বিদেশিদের প্ররোচণায় বড়পুকুরিয়া কয়লাখনি নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে শহীদুল্লাহ এ ব্যাপারে জনগণকে সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সদস্য আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জাতীয় গণফ্রণ্টের নেতা আব্দুর রউফ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রবিন সরেন, ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, গবেষক নূর মোহাম্মদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24