শেরপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজারজাত করার অভিযোগে শেরপুর শহরের একটি কারখানা মালিককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত শহরের বাগরাকসা এলাকার এবি ফুড প্রোডাক্ট নামের কারখানা মালিক অরুণ দত্তকে এই দণ্ড দেওয়া হয়।
এছাড়া এই মালিকের তিনটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
শেরপুর সদর থানার ওসি সুব্রত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবি ফুড প্রোডাক্টের তিনটি কারখানায় অভিযান চালিয়ে খাবার অনুপযোগী ও পোকায় ধরা নষ্ট প্রায় ২০ লাখ টাকার খাদ্যসামগ্রী আটক করা হয়েছে।
এসবের মধ্যে আছে- সেমাই, মুড়ি, ব্যাসন, চাল, গম, আটা ও ময়দা। এগুলো দ্রুত ধ্বংস করা হবে।
কারখানা মালিক অরুণকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিউল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
আদালতকে সহায়তা করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২১ ঘ.
bdnews24